বাকেরগঞ্জ উপজেলার নলুয়া ইউনিয়নের আফালকাঠি সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকায় পাঁচ গ্রামের হাজারো মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
নলুয়া ইউনিয়নের উত্তর নলুয়া খেয়াঘাট থেকে প্রায় ৫ কিলোমিটার সড়কটি আফালকাঠি বাজারের সঙ্গে সংযুক্ত। এই সড়ক দিয়ে আফালকাঠি, নবায়নখালী, মাচুয়াখালী, চর গজালিয়া ও নলুয়া—এই পাঁচ গ্রামের মানুষ নিয়মিত যাতায়াত করেন। বাজার, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ও ইউনিয়ন পরিষদসহ গুরুত্বপূর্ণ স্থানে যেতে এ সড়কই তাদের একমাত্র ভরসা।
কিন্তু দীর্ঘদিন সংস্কারের অভাবে সড়কের ইট সোলিং উঠে গিয়ে এটি এখন কাঁচা মাটির রাস্তায় পরিণত হয়েছে। বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও খানাখন্দ সৃষ্টি হওয়ায় চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছে।
স্থানীয়রা জানান, বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। সামান্য বৃষ্টিতেই সড়ক কর্দমাক্ত হয়ে যায়, ফলে শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়। জরুরি রোগী পরিবহনেও চরম ভোগান্তির শিকার হতে হয়।
নলুয়া ইউনিয়নের বাসিন্দা মোঃ সোহেল রানা বলেন, “এই রাস্তায় চলাচল করা খুবই কষ্টকর। প্রতিদিন ঝুঁকি নিয়ে চলতে হয়। দ্রুত সংস্কার না হলে দুর্ভোগ আরও বাড়বে।”
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সংস্কারের জন্য আবেদন করা হলেও এখনো কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এতে জনমনে ক্ষোভ বিরাজ করছে।
তবে এ বিষয়ে উপজেলা এলজিইডি নির্বাহী প্রকৌশলী মো. হাসনাইন আহমেদ বলেন, সড়কের বেহাল অবস্থার বিষয়টি তাদের নজরে রয়েছে এবং দ্রুত সময়ের মধ্যে সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়দের প্রত্যাশা, জনদুর্ভোগ লাঘবে দ্রুত সড়কটি সংস্কার করে চলাচলের উপযোগী করা হবে।
মোঃ জহিরুল ইসলাম 



















