আগামীকাল শুরু হতে যাচ্ছে এসএসসি পরীক্ষা। এর আগে আজ বাকেরগঞ্জ উপজেলার প্রায় সব মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ করা হয়েছে। তবে প্রবেশপত্র দেওয়া ও কেন্দ্র ফি’র নামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে।
অভিযোগ অনুযায়ী, উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে ৪০০ থেকে ১,২০০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। এ নিয়ে অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে।
ইতোমধ্যে গারুড়িয়া ইউনিয়নের খয়রাবাদ মাধ্যমিক বিদ্যালয়ে প্রবেশপত্রের নামে অতিরিক্ত অর্থ নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে কথা বলতে গেলে স্কুলটির প্রধান শিক্ষক শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ নেওয়ার বিষয়টি স্বীকার করেন।
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জানান, প্রবেশপত্র বা কেন্দ্র ফি’র নামে কোনো অতিরিক্ত অর্থ আদায় সম্পূর্ণ অবৈধ ও অনৈতিক। তিনি শিক্ষার্থীদের এ ধরনের অর্থ প্রদান থেকে বিরত থাকার আহ্বান জানান এবং যেসব প্রতিষ্ঠান এমন কার্যক্রমে জড়িত, তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেন।
এদিকে, সামাজিক সংগঠন “গর্বের বাকেরগঞ্জ”-এর জ্যেষ্ঠ সহ-সভাপতি অ্যাডভোকেট শামসুল আরেফিন বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের মতো জায়গায় এমন অনিয়ম অত্যন্ত নিন্দনীয়। “শিক্ষা কোনো ব্যবসা নয়, এটি শিক্ষার্থীদের মৌলিক অধিকার। দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি,”—বলেন তিনি।
স্থানীয়দের দাবি, বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে, যাতে শিক্ষার্থীরা হয়রানি ছাড়া সুষ্ঠুভাবে পরীক্ষায় অংশ নিতে পারে।
মোঃ জুলহাস হোসেন 























