বাকেরগঞ্জ উপজেলার কবাই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ৬৪ নং সোনাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে শ্রেণিকক্ষ পরিচালনা ও পাঠদান কার্যক্রমে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। এতে অভিভাবক, স্থানীয় সচেতন মহল ও এলাকাবাসীর মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে।
অভিযোগ রয়েছে, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)-এর নির্ধারিত সময়সূচি অনুযায়ী সকাল ৯টা থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত পাঠদান কার্যক্রম পরিচালনার কথা থাকলেও বাস্তবে তা মানা হচ্ছে না। স্থানীয়দের দাবি, শিক্ষকরা নিয়মিতভাবে সকাল ১০টার দিকে বিদ্যালয়ে উপস্থিত হন এবং দুপুর ২টার মধ্যেই বিদ্যালয় ত্যাগ করেন।
এ কারণে শিক্ষার্থীরা পূর্ণাঙ্গ পাঠদান থেকে বঞ্চিত হচ্ছে এবং তাদের শিক্ষাজীবনে নেতিবাচক প্রভাব পড়ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবকরা।
এছাড়াও, নেপ-এর নির্দেশনা অনুযায়ী প্রতিদিন ২০ মিনিটের সমাবেশ আয়োজনের কথা থাকলেও তা নিয়মিতভাবে করা হচ্ছে না। ফলে শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, শৃঙ্খলা ও সামাজিক মূল্যবোধ গঠনের গুরুত্বপূর্ণ অংশটি উপেক্ষিত হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
আরও জানা গেছে, প্রতিটি শ্রেণির পিরিয়ড ৪০ মিনিট হওয়ার কথা থাকলেও বাস্তবে তা কমিয়ে প্রায় ২০ মিনিটে সীমাবদ্ধ রাখা হচ্ছে। এতে নির্ধারিত পাঠ্যসূচি যথাযথভাবে সম্পন্ন করা সম্ভব হচ্ছে না, যা শিক্ষার মানকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে বলে মনে করছেন সচেতন মহল।
একাধিক অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে আমরা খুবই চিন্তিত। শিক্ষকরা যদি দায়িত্বশীল না হন, তাহলে শিক্ষার্থীরা কীভাবে সঠিক শিক্ষা পাবে?”
স্থানীয় এলাকাবাসীও বিষয়টি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। তাদের দাবি, একটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের অনিয়ম কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা দ্রুত তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
এইচ এম রুহুল আমিন 





















