বাকেরগঞ্জ উপজেলা কৃষি অফিসের তিন কর্মকর্তার বিরুদ্ধে স্বজনপ্রীতি, কৃষি প্রণোদনা বিতরণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে মানববন্ধন করেছেন স্থানীয় কৃষকরা।
রোববার (১৭ মে) সকাল ১১টার দিকে উপজেলা কৃষি অফিসের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকার অর্ধশতাধিক কৃষক অংশগ্রহণ করেন।
অভিযোগের তীর উঠেছে উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. রাসেল সিকদার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা উৎপাল চন্দ্র দাস এবং মো. মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে। মানববন্ধনে অংশ নেওয়া কৃষকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সরকারি কৃষি প্রণোদনা বিতরণে স্বজনপ্রীতি ও অনিয়ম করে প্রকৃত কৃষকদের বঞ্চিত করা হচ্ছে।
বক্তারা বলেন, আওয়ামী লীগপন্থি কিছু ইউনিয়ন পরিষদ সদস্যের মাধ্যমে প্রণোদনার তালিকা প্রস্তুত করে আর্থিক সুবিধার বিনিময়ে নির্দিষ্ট ব্যক্তিদের সুযোগ দেওয়া হয়েছে। ফলে প্রকৃত কৃষকরা সরকারি সহায়তা থেকে বঞ্চিত হচ্ছেন।
মানববন্ধনে আরও অভিযোগ করা হয়, সরকারি কৃষি প্রণোদনা পেতে কৃষকদের কাছ থেকে অর্থ দাবি করা হয়। এছাড়া তেল ফসল উন্নয়ন, পার্টনার প্রকল্প, চর উন্নয়ন ও ক্লাইমেট প্রকল্পসহ বিভিন্ন কৃষি উন্নয়ন কর্মসূচির প্রদর্শনী কার্যক্রম বাস্তবে বাস্তবায়ন না করেই বরাদ্দের অর্থ আত্মসাতের অভিযোগ তোলেন তারা।
পৌর কৃষকদলের সভাপতি ইউনুস আলীর নেতৃত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা দ্রুত অভিযুক্ত তিন কর্মকর্তার অপসারণ এবং প্রকৃত কৃষকদের মাঝে স্বচ্ছ ও সুষ্ঠুভাবে সরকারি প্রণোদনা বিতরণের দাবি জানান।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ইসা বলেন, “আমি চলতি মাসে এখানে যোগদান করেছি। বিষয়টি সম্পর্কে বিস্তারিত আমার জানা নেই।”
মোঃ রাশেদুল ইসলাম 



















