বাংলাদেশি পাসপোর্টে আবারও যুক্ত হচ্ছে ‘ইসরায়েল ব্যতীত’ (Except Israel) শব্দবন্ধ। ছয় বছর আগে আওয়ামী লীগ সরকারের সময়ে বাদ দেওয়া এই শর্ত পুনর্বহালের উদ্যোগ নিয়েছে বর্তমান বিএনপি সরকার। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি, জনমত ও ফিলিস্তিন ইস্যুতে দেশের ঐতিহ্যগত অবস্থানের সঙ্গে সামঞ্জস্য রেখে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ধাপে ধাপে নতুন ই-পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শব্দবন্ধ যুক্ত করা হবে। পুরোনো পাসপোর্টধারীদের জন্য তাৎক্ষণিক কোনো পরিবর্তন না হলেও নবায়নের সময় নতুন সংস্করণের পাসপোর্ট দেওয়া হবে।
এ ছাড়া নতুন পাসপোর্টে বেশ কিছু জলছাপ ও ছবি পরিবর্তন করা হচ্ছে। বাদ যাচ্ছে বঙ্গবন্ধু সমাধিসৌধ, পদ্মা সেতু, মেট্রোরেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রসহ কয়েকটি স্থাপনার ছবি। নতুনভাবে যুক্ত হচ্ছে আবু সাঈদের প্রতীকী ছবি, বঙ্গভবন, জামদানি শাড়ি, ইলিশ, টাঙ্গুয়ার হাওর, মাধবকুণ্ড জলপ্রপাত, আহসান মঞ্জিল, শালবন বিহার, নীলগিরি, জাতীয় স্মৃতিসৌধ ও পানামনগরীর মতো ঐতিহ্যবাহী স্থান ও প্রতীক।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, খুব শিগগিরই সরকারপ্রধানের অনুমোদনের পর এসব পরিবর্তন কার্যকর করা হবে।
ডেস্ক রিপোর্টঃ 



















