বাকেরগঞ্জ উপজেলার গারুরিয়া ইউনিয়নের হীরাধর গ্রামের অসহায় বিধবা রিজিয়া বেগম এবং তার পিতা-মাতাহীন দুই নাতি মাইনুল ও মেহেদির মানবেতর জীবনযাপনের খবর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসে।
পরবর্তীতে উপজেলা প্রশাসন পরিবারটির সার্বিক অবস্থা বিবেচনা করে মানবিক সহায়তা প্রদানের উদ্যোগ গ্রহণ করে। এর অংশ হিসেবে পরিবারটিকে নগদ ১০ হাজার টাকা, দুইটি খাদ্যসামগ্রীর প্যাকেট এবং UNICEF কর্তৃক সরবরাহকৃত নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর একটি প্যাকেট প্রদান করা হয়।
এছাড়া বিধবা রিজিয়া বেগমের জন্য বিধবা ভাতা কার্ড প্রদানের প্রয়োজনীয় কার্যক্রমও গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে।
রবিবার (৭ জুন) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলটন চন্দ্র পাল আনুষ্ঠানিকভাবে এসব সহায়তা তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি), প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্থানীয়রা উপজেলা প্রশাসনের এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে অসহায় পরিবারটির প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মোঃ এনামুল হক 



















