বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বাকেরগঞ্জ উপজেলার ঢাপরকাঠী দুধল কোচনগর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় এবং গারুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত অ্যাডহক (অন্তর্বর্তীকালীন) কমিটি অনুমোদন করেছে। বোর্ডের জারিকৃত পৃথক অনুমোদনপত্র অনুযায়ী, উভয় বিদ্যালয়ের চার সদস্যবিশিষ্ট কমিটি আগামী ৬ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত কার্যকর থাকবে।
অনুমোদিত কমিটি অনুযায়ী, ঢাপরকাঠী দুধল কোচনগর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন কে. এম. হান্নান (বাবু)। এছাড়া শিক্ষক সদস্য হিসেবে মোসাম্মৎ খালেদা বেগম এবং অভিভাবক সদস্য হিসেবে মো. মজিবুর রহমান হাওলাদার মনোনয়ন পেয়েছেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদাধিকারবলে সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন।
অন্যদিকে গারুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে পুনরায় দায়িত্ব পেয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মশিউর রহমান মাসুদ। কমিটির অন্যান্য সদস্যরা হলেন শিক্ষক সদস্য শেখ আল আমিন ইসলাম, অভিভাবক সদস্য গোলাম মোস্তফা এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদাধিকারবলে সদস্য সচিব।
শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০২৪ অনুযায়ী বিদ্যালয়গুলোর প্রশাসনিক কার্যক্রম সচল রাখা এবং পূর্ণাঙ্গ ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে এসব অ্যাডহক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
দীর্ঘদিন পর নতুন নেতৃত্বে পরিচালনা কার্যক্রম শুরু হওয়ায় ঢাপরকাঠী দুধল কোচনগর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় শিক্ষানুরাগীদের মধ্যে আশাবাদ তৈরি হয়েছে। তারা মনে করছেন, নবগঠিত কমিটির নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার মানোন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে।
এদিকে গারুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যক্ষ মশিউর রহমান মাসুদকে পুনরায় সভাপতি হিসেবে মনোনীত করায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সন্তোষ প্রকাশ করা হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, তাঁর নেতৃত্বে বিদ্যালয়ের সামগ্রিক প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং শিক্ষার্থীদের জন্য আধুনিক ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।
সংশ্লিষ্ট মহলের মতে, নবগঠিত অ্যাডহক কমিটিগুলো বিদ্যালয় দুটির সার্বিক উন্নয়ন, শিক্ষার মান বৃদ্ধি এবং ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিদ্যালয় দুটির উন্নয়ন ও কমিটির সফলতা কামনা করেছেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় সচেতন মহল।
এইচ এম রুহুল আমিন 























