বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আলামিন মোল্লা সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার একটি সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় তিনি মারাত্মকভাবে আহত হন বলে জানা গেছে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ব্যক্তিগত কাজে মোটরসাইকেলে করে যাওয়ার পথে তিনি দুর্ঘটনার কবলে পড়েন। দুর্ঘটনায় তার ডান পা ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান।
চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা শেষে তার শারীরিক অবস্থার গুরুত্ব বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় প্রেরণের পরামর্শ দেন। পরবর্তীতে পরিবারের সদস্যরা তাকে রাজধানীর একটি বিশেষায়িত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন।
এদিকে বিএনপি নেতা আলামিন মোল্লার দুর্ঘটনার সংবাদ ছড়িয়ে পড়লে দলীয় নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয় জনগণের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়। তার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা পরিবারের সঙ্গে যোগাযোগ করছেন।
পরিবারের পক্ষ থেকে দেশবাসী ও দলের নেতাকর্মীদের কাছে তার দ্রুত সুস্থতা কামনায় দোয়া চাওয়া হয়েছে। একই সঙ্গে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দও আলামিন মোল্লার আশু রোগমুক্তি কামনা করে সকলের কাছে দোয়ার আবেদন জানিয়েছেন।
দলীয় নেতাকর্মীরা বলেন, “আলামিন মোল্লা দীর্ঘদিন ধরে দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। আমরা মহান আল্লাহর কাছে তার দ্রুত সুস্থতা কামনা করছি এবং আশা করছি তিনি অচিরেই সুস্থ হয়ে আবারও জনগণ ও দলের সেবায় ফিরে আসবেন।”
এইচ এম রুহুল আমিন 





















