শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তাশক্তি ও বিজ্ঞানমনস্কতা বিকাশের লক্ষ্যে বরিশালের বাকেরগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ জুন) সকাল ১১টায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিমের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তন প্রাঙ্গণে এ প্রদর্শনীর আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প, প্রযুক্তিনির্ভর উদ্যোগ এবং বিজ্ঞানভিত্তিক নানা ধারণা উপস্থাপন করেন। প্রদর্শনীতে বিজ্ঞান, প্রযুক্তি, পরিবেশ সংরক্ষণ এবং সামাজিক সমস্যার সমাধানভিত্তিক বিভিন্ন প্রকল্প স্থান পায়, যা দর্শনার্থীদের ব্যাপক আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুল হোসেন খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলটন চন্দ্র পাল।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ইছা, উপজেলা প্রকৌশলী মো. হাসনাইন আহমেদ, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার আমিনুল ইসলাম, বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাসির জোমাদ্দার, উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান মিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিন, পৌর যুবদলের আহ্বায়ক আতাউর রহমান রোমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
প্রদর্শনী ঘুরে দেখে অতিথিরা শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, গবেষণামূলক কাজ এবং প্রযুক্তিনির্ভর উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানচর্চা ও উদ্ভাবনী সংস্কৃতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানের শেষে বিচারকমণ্ডলীর মূল্যায়নের ভিত্তিতে নির্বাচিত সেরা প্রকল্পগুলোর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে আরও বিস্তৃত পরিসরে আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতার বিকাশে সহায়ক হবে।
মোঃ রাশেদুল ইসলাম 























