দক্ষিণাঞ্চলের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ১৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে রোববার (১৪ জুন) সকাল ১১টায় কলেজ ক্যাম্পাস থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালি বের করা হয়।
র্যালিতে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং রোভার স্কাউট সদস্যরা অংশগ্রহণ করেন। কলেজের ঐতিহাসিক লাল ভবনের প্রতিকৃতি সংবলিত রঙিন ব্যানার, ফেস্টুন ও বিভিন্ন সাজসজ্জায় সজ্জিত র্যালিটি ক্যাম্পাস ও আশপাশের সড়ক প্রদক্ষিণ করে। এ সময় পুরো ক্যাম্পাসজুড়ে উৎসবের আমেজ বিরাজ করে।
উল্লেখ্য, ১৮৮৯ সালের ১৪ জুন মহাত্মা অশ্বিনীকুমার দত্তের হাত ধরে প্রতিষ্ঠিত সরকারি বিএম কলেজ দীর্ঘ ১৩৭ বছর ধরে শিক্ষা, সংস্কৃতি, গণতান্ত্রিক আন্দোলন ও সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। বরিশালসহ দক্ষিণাঞ্চলের উচ্চশিক্ষা বিস্তারে প্রতিষ্ঠানটির ভূমিকা সর্বজনস্বীকৃত।
র্যালি শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা কলেজের গৌরবোজ্জ্বল ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শিক্ষার গুণগত মান আরও উন্নত করে প্রতিষ্ঠানটিকে দেশ ও জাতির কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।
প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের এ আয়োজন শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে বলে অংশগ্রহণকারীরা অভিমত ব্যক্ত করেন।
মোঃ ফাইজুল ইসলাম রাজু 




















