যুক্তরাষ্ট্র ও ইসলামি প্রজাতন্ত্র ইরানের মধ্যে শান্তিচুক্তি চূড়ান্ত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশ। চুক্তিটিকে আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি, স্থিতিশীলতা এবং পারস্পরিক সহযোগিতা জোরদারের ক্ষেত্রে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছে ঢাকা।
সোমবার (১৫ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ বরাবরই সংলাপ, কূটনীতি এবং পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে আন্তর্জাতিক বিরোধ ও সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের পক্ষে অবস্থান নিয়ে এসেছে।
ধারাবাহিক আলোচনার মাধ্যমে উত্তেজনা প্রশমন এবং সংঘাত নিরসনের যে উদ্যোগ নেওয়া হয়েছে, এই চুক্তি তারই একটি গুরুত্বপূর্ণ ফলাফল। এ ইতিবাচক অগ্রগতিতে অবদান রাখা সংশ্লিষ্ট সব পক্ষ ও মধ্যস্থতাকারীদের আন্তরিক প্রচেষ্টার প্রশংসা করেছে বাংলাদেশ।
পররাষ্ট্র মন্ত্রণালয় আশা প্রকাশ করে জানায়, চুক্তিটি আন্তরিকতা ও সদিচ্ছার সঙ্গে বাস্তবায়িত হবে এবং এর মাধ্যমে দীর্ঘমেয়াদি শান্তি, স্থিতিশীলতা ও পারস্পরিক আস্থা প্রতিষ্ঠার নতুন দিগন্ত উন্মোচিত হবে।
বাংলাদেশ মনে করে, এই শান্তিচুক্তি শুধু সংশ্লিষ্ট দুই দেশের জন্যই নয়, বরং সমগ্র অঞ্চল ও আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্যও একটি আশাব্যঞ্জক বার্তা বহন করছে।
মোঃ ইমরান হোসেন কামাল 



















