বরিশালের রূপাতলী এলাকায় বকেয়া পাওনা পরিশোধ এবং কারখানা বিক্রির ক্ষেত্রে শ্রমিকদের চাকরি সুরক্ষার দাবিতে আজ ১৬ জুন ‘ভূখা মিছিল’ ও বিক্ষোভ সমাবেশ করেছেন অলিম্পিক সিমেন্ট এন্ড ফাইবার কারখানার শ্রমিক-কর্মচারীরা।
আজ অলিম্পিক সিমেন্ট এন্ড ফাইবার লিমিটেড শ্রমিক কর্মচারী ইউনিয়নের (রেজি: নং বরিশাল ৫৪) ব্যানারে কারখানার সম্মুখ সড়কে এই কর্মসূচি পালন করা হয়।
“দুনিয়ার মজদুর এক হও!” স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই ভূখা মিছিলে কারখানার শতাধিক সাধারণ শ্রমিক ও কর্মচারী অংশ নেন। মিছিলে অংশগ্রহণকারীরা তাদের দীর্ঘদিনের বকেয়া বেতন-ভাতা ও অন্যান্য পাওনাদি দ্রুত পরিশোধের দাবি জানান।
বিক্ষোভ সমাবেশে শ্রমিক নেতারা বলেন, দীর্ঘদিন ধরে কারখানার শ্রমিক ও কর্মচারীদের ন্যায্য পাওনা পরিশোধ না করায় তারা পরিবার-পরিজন নিয়ে চরম অনাহার ও অর্ধাহারে দিন কাটাচ্ছেন। দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার কারণে আজ তারা রাজপথে ‘ভূখা মিছিল’ করতে বাধ্য হয়েছেন।
আন্দোলনরত শ্রমিকদের পক্ষে প্রধান দুটি দাবি তুলে ধরা হয়।
১. অলিম্পিক সিমেন্ট এন্ড ফাইবার কারখানার শ্রমিক ও কর্মচারীদের সকল পাওনা অবিলম্বে সম্পূর্ণ পরিশোধ করতে হবে।
২. কারখানাটি যদি অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে বিক্রি বা হস্তান্তর করা হয়, তবে কর্মরত সকল শ্রমিক ও কর্মচারীদেরও নতুন মালিকপক্ষের কাছে চাকরি বহাল রেখে হস্তান্তর করতে হবে। কোনো অবস্থাতেই শ্রমিকদের ছাঁটাই করা চলবে না।
সমাবেশ থেকে শ্রমিক নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে যদি তাদের এই যৌক্তিক দাবি মেনে নেওয়া না হয়, তবে আগামীতে আরও কঠোর ও ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করা হবে।
এই বিষয়ে জানতে কারখানা কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাদের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
মোঃ ফাইজুল ইসলাম রাজু 



















