বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে পূর্বের ভোটকেন্দ্র পুনর্বহালের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় ভোটাররা। পরে এ দাবি জানিয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়। পাশাপাশি প্রধান নির্বাচন কমিশনার, জেলা নির্বাচন কমিশনার, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছেও স্মারকলিপির অনুলিপি পাঠানো হয়।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১১টায় রবিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে এলাকার কয়েক শতাধিক ভোটার অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন- আব্দুল মন্নান হাওলাদার, আলাউদ্দিন হাওলাদার, আসাদুজ্জামান খান পিন্টু, মহিউদ্দিন খান, নাজমা বেগম, রোকেয়া খাতুন ও অনিকা বেগম প্রমুখ।
বক্তারা বলেন, গারুড়িয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রবিপুর এলাকায় প্রায় ২ হাজার ৫০০ ভোটারের নিকটবর্তী কেন্দ্র ছিল রবিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। আধুনিক দুটি ভবন ও ১০টি কক্ষ থাকায় কেন্দ্রটি ভোটগ্রহণের জন্য অত্যন্ত উপযোগী। কিন্তু কেন্দ্রটি বাদ দিয়ে দেড় কিলোমিটার দূরের মেউর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে নতুন ভোটকেন্দ্র হিসেবে নির্ধারণ করা হয়েছে, যেখানে মাত্র দুটি কক্ষ রয়েছে এবং সেখানে স্থানীয় ভোটার সংখ্যা মাত্র ১ হাজার ১০০ জন। নতুন কেন্দ্রে বুথ সংকট ও দূরত্বের কারণে ভোটাররা ভোট দিতে আগ্রহ হারানোর আশঙ্কা প্রকাশ করেন তাঁরা। তাই পুরোনো কেন্দ্র পুনর্বহালের দাবি জানান বক্তারা।
গারুড়িয়া ২ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মোঃ আলাউদ্দিন হাওলাদার বলেন, “পুরোনো কেন্দ্রের আশপাশে ভোটার প্রায় ২ হাজার ৫০০, আর নতুন কেন্দ্রের আশপাশে মাত্র ১ হাজার ১০০ ভোটার। এতে বড় ধরনের জনভোগান্তি তৈরি হবে।”
বাকেরগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আমির খসরু গাজী বলেন, “জেলা নির্বাচন কর্মকর্তা সরেজমিন পরিদর্শন করে নতুন কেন্দ্র অনুমোদন করেছেন। এ বিষয়ে আমার করার কিছু নেই।”
এ বিষয়ে জানতে চাইলে জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান কোনো মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন।
ডেস্ক রিপোর্টঃ 



















