বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জ চৌমাথা সিনেমাহল সংলগ্ন এলাকায় অবস্থিত ‘লাভ বাকেরগঞ্জ’ স্তম্ভটি সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৪ জুন) রাত আনুমানিক ৩টার দিকে একটি লাবিবা পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি স্তম্ভটির ওপর উঠে যায়। এতে স্থাপনাটির বিভিন্ন অংশ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
উল্লেখ্য, সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা আফরোজের উদ্যোগে নির্মিত এই স্তম্ভটি প্রতিষ্ঠার পর থেকেই নানা বিতর্কের জন্ম দেয়। স্থানীয়দের দাবি, স্থাপনাটির ডিজাইনার, নির্মাণ ব্যয়, ঠিকাদার নিয়োগ, স্থান নির্বাচন এবং কোন সভার সিদ্ধান্তের ভিত্তিতে এটি নির্মাণ করা হয়েছে—এসব বিষয়ে আজও স্পষ্ট কোনো তথ্য জনসম্মুখে আসেনি।
বাকেরগঞ্জের জনগণের এই স্থাপনাকে ঘিরে শুরু থেকেই স্বচ্ছতা ও জবাবদিহিতার দাবি জানিয়ে আসছেন। এই দুর্ঘটনার পর আবারও বিষয়টি আলোচনায় এসেছে বিতর্কিত স্তম্ভটি।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তাৎক্ষণিক বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়রা ক্ষতিগ্রস্ত স্থাপনাটির ভবিষ্যৎ এবং এর সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন প্রশ্নের উত্তর জানতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
মোঃ জহিরুল ইসলাম 



















