এইচএসসি পরীক্ষা শেষে পরীক্ষা কেন্দ্রকে ঘিরে সৃষ্ট উত্তেজনার জেরে এক শিক্ষার্থীর ওপর হামলার অভিযোগ উঠেছে। ঘটনাটি আজ (বুধবার) দুপুরে ঘটে। আহত শিক্ষার্থী কাকরধা হেলাল উদ্দিন আহমেদ ডিগ্রি কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পরীক্ষা শেষে কেন্দ্র থেকে বের হওয়ার পর কেন্দ্রসংক্রান্ত পূর্বের বিরোধের জেরে কামারখালী কলেজের এক দপ্তরি এবং কামারখালী বাজার এলাকার কয়েকজন যুবক ওই শিক্ষার্থীর ওপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। হামলায় তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন আহত শিক্ষার্থীকে উদ্ধার করে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মোঃ রাহাত শিকদার 



















