বাকেরগঞ্জ উপজেলায় ব্যাটারিচালিত ইজিবাইক ও অটোরিকশার ভাড়া বৃদ্ধি নিয়ে বিভ্রান্তি দূর করতে সতর্কবার্তা দিয়েছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিলটন চন্দ্র পাল জানিয়েছেন, ভাড়া বৃদ্ধি সংক্রান্ত কোনো ধরনের অনুমোদন বা নির্দেশনা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হয়নি।
তিনি বলেন, উপজেলার কোনো এলাকায় চালকদের ইচ্ছামতো অতিরিক্ত ভাড়া আদায় সম্পূর্ণ অনভিপ্রেত। কোনো চালক যদি পূর্বের মতো অতিরিক্ত ভাড়া আদায় করেন অথবা ইচ্ছাকৃতভাবে ছাত্র-ছাত্রীদের অটোরিকশায় যাতায়াতের সুযোগ থেকে বঞ্চিত করেন, তবে বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।
ইউএনও আরও জানান, এ ধরনের অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্ট চালকের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনা করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন।
একই সঙ্গে তিনি সকল ব্যাটারিচালিত ইজিবাইক ও অটোরিকশা চালককে নির্ধারিত ভাড়া অনুসরণ করে যাত্রীদের সঙ্গে মানবিক, শালীন ও দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান।
উপজেলা প্রশাসনের এ নির্দেশনার ফলে যাত্রীদের হয়রানি ও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ কমবে বলে আশা করা হচ্ছে।
মোঃ এনামুল হক 



















