বরিশালের চরকাউয়া থেকে বাকেরগঞ্জের ডিসি রোড পর্যন্ত সড়কের দুই পাশের গাছের ডালপালা নিচু হয়ে থাকায় চলাচলকারী বাস প্রায়ই ডালের সঙ্গে ধাক্কা খাচ্ছে। এতে নিয়মিত ছোটখাটো সড়ক দুর্ঘটনা ঘটছে এবং যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এ সমস্যার সমাধানের জন্য চরকাউয়া বাস মালিক সমিতির পক্ষ থেকে বরিশাল সড়ক বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে বারবার মৌখিকভাবে অভিযোগ জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। একইভাবে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদকে বিষয়টি অবহিত করা হলেও তারাও কোনো উদ্যোগ গ্রহণ করেনি।
অবশেষে নিরুপায় হয়ে চরকাউয়া বাস মালিক সমিতি নিজস্ব অর্থায়নে ঝুঁকিপূর্ণ গাছের ডালপালা অপসারণের উদ্যোগ নেয়। বৃহস্পতিবার সকাল থেকে সমিতির সভাপতি মামুন খন্দকার ও সাধারণ সম্পাদক মো. স্বপন মিয়ার উপস্থিতিতে সমিতির শ্রমিকরা বাসের ছাদে দাঁড়িয়ে চরকাউয়া থেকে গোমা ব্রিজ পর্যন্ত সড়কের ঝুঁকিপূর্ণ ডালপালা কেটে পরিষ্কার করার কাজ শুরু করেন।
এ বিষয়ে সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক ক্ষোভ প্রকাশ করে বলেন, “এটি রোডস অ্যান্ড হাইওয়ের সড়ক। এ সড়কের রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা নিশ্চিত করা তাদের দায়িত্ব। বারবার বিষয়টি জানানো হলেও তারা কোনো কার্যকর ভূমিকা পালন করেনি। বাধ্য হয়ে জনস্বার্থে আমরা নিজেদের অর্থায়নে এ কাজ শুরু করেছি।”
এ বিষয়ে বক্তব্য জানতে বরিশাল সড়ক বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
স্থানীয় যাত্রী ও বাসচালকদের দাবি, দুর্ঘটনা এড়াতে এবং জনদুর্ভোগ কমাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত দ্রুত সড়কের গাছপালা নিয়মিত ছাঁটাইসহ প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের ব্যবস্থা গ্রহণ করা।
এইচ এম আরিফুর রহমান সোহাগ 



















