বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি ইউনিয়নের দক্ষিণ সাদিশ গ্রাম ভয়াবহ নদীভাঙনের কবলে পড়ে ধীরে ধীরে মানচিত্র থেকে বিলীন হওয়ার পথে। বছরের পর বছর ধরে চলমান এই ভাঙনে সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা, শত শত বসতবাড়ি, রাস্তাঘাট, মাছের ঘেরসহ অসংখ্য স্থাপনা ইতোমধ্যেই নদীগর্ভে হারিয়ে গেছে। এবার ভাঙনের হুমকিতে রয়েছে এলাকার ঐতিহ্যবাহী ফকির বাড়ি জামে মসজিদ, যা স্থানীয় মুসল্লিদের অন্যতম প্রধান ইবাদতের স্থান।
স্থানীয়দের অভিযোগ, নদীভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে তারা একাধিকবার মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন। বিষয়টি বিভিন্ন জাতীয় ও স্থানীয় প্রিন্ট এবং ইলেকট্রনিক গণমাধ্যমেও একাধিকবার প্রকাশিত হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
গ্রামবাসী জানান, পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীরা একাধিকবার এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও বাস্তবে ভাঙন প্রতিরোধে কোনো কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়নি। ফলে প্রতিদিনই নতুন নতুন এলাকা নদীগর্ভে বিলীন হচ্ছে এবং চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।
এ অবস্থায় দক্ষিণ সাদিশবাসী বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান-এর প্রতি দ্রুত ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে নদীভাঙন রোধে জরুরি ও স্থায়ী ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন। স্থানীয়দের বিশ্বাস, দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হলে অন্তত ফকির বাড়ি জামে মসজিদসহ অবশিষ্ট গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো নদীগর্ভে বিলীন হওয়ার হাত থেকে রক্ষা করা সম্ভব হবে।
মোঃ এনামুল হক 



















