বাকেরগঞ্জ উপজেলার ৬ নম্বর ফরিদপুর ইউনিয়নের কাকরধা হেলাল উদ্দিন আহমেদ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ নূর দারাজের ছেলে আব্দুর রহমান জিমকে বরিশালের একটি আবাসিক হোটেল থেকে আটক করেছে বরিশাল মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের সময় এক নারী ও মাদকদ্রব্যসহ জিমকে আটক করা হয়। পরে তাকে ডিবি কার্যালয় থেকে বরিশাল কোতোয়ালি মডেল থানার মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, আব্দুর রহমান জিম দীর্ঘদিন ধরে ফরিদপুর ইউনিয়নে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এছাড়া অবৈধ অস্ত্র প্রদর্শন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি এবং সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
এছাড়া একাধিক নারীকে ভয়ভীতি দেখিয়ে যৌন নির্যাতনের অভিযোগ রয়েছে বলে স্থানীয়রা দাবি করেছেন। বরিশালের আবাসিক হোটেল থেকে আটক হওয়া ওই নারীকে একাধিকবার ধর্ষণের অভিযোগও জিমের বিরুদ্ধে তুলেছেন অভিযোগকারীরা। তবে এসব অভিযোগের বিষয়ে এখনো আদালতে প্রমাণিত কোনো রায় হয়নি।
এ বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, “আব্দুর রহমান জিমকে বরিশাল মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ আটক করেছে। তারা প্রচলিত আইন অনুযায়ী মামলা দায়ের করলে আমরা আইনগত ব্যবস্থা নেব। ধর্ষণের বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ফরিদপুর ইউনিয়ন বিএনপির কয়েকজন নেতা-কর্মী বলেন, “কোনো সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী বা অপরাধীকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না। অপরাধের সঙ্গে জড়িত যে-ই হোক, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা হওয়া উচিত।”
উল্লেখ্য, প্রতিবেদনে উল্লেখিত ধর্ষণ, চাঁদাবাজি, মাদক ব্যবসা ও অন্যান্য অভিযোগগুলো অভিযোগকারীদের দাবি; এসব অভিযোগের বিচারিক নিষ্পত্তি এখনো হয়নি।
এইচ এম আরিফুর রহমান সোহাগ 



















