তিনটি মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি সোহেল রানা (৪৫)-কে খুলনা মহানগর থেকে গ্রেপ্তার করেছে বাকেরগঞ্জ থানা পুলিশ। সোমবার (২৭ জুলাই) বিকেল ৪টার দিকে খুলনা মহানগরের সোনাডাঙ্গা থানার ট্রাকস্ট্যান্ড এলাকা থেকে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সোহেল রানা বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নের মধ্য নিয়ামতি এলাকার মো. আব্দুল আজিজের ছেলে। তিনি ঢাকা সাভার ও বরিশাল জেলার বাবুগঞ্জ থানার তিনটি মামলায় আদালতের সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।
অভিযানের নেতৃত্বদানকারী বাকেরগঞ্জ থানার এএসআই ফারুক হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে পলাতক আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।
বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় তিন মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
মোঃ ইমরান হোসেন 



















