ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ধর্মীয় নেতাদের সম্পৃক্ততা আরও জোরদার করার লক্ষ্যে বাকেরগঞ্জ উপজেলার মসজিদসমূহের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল ৩টায় বাকেরগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-৬ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন চন্দ্র পাল।
মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমরা অংশগ্রহণ করেন। সভায় ধর্মীয় মূল্যবোধের প্রসার, সামাজিক সম্প্রীতি বজায় রাখা, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ, বাল্যবিবাহ রোধ, জনসচেতনতা বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ এবং সরকারের বিভিন্ন উন্নয়ন ও জনসেবামূলক কর্মকাণ্ডে ধর্মীয় নেতাদের কার্যকর ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান বলেন, ধর্মীয় নেতারা সমাজের নৈতিক দিকনির্দেশক। তাঁদের ইতিবাচক ভূমিকার মাধ্যমে একটি সচেতন, মানবিক ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব। তিনি খুতবা ও ধর্মীয় আলোচনার মাধ্যমে সামাজিক অপরাধ, মাদক, কুসংস্কার এবং সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে জনগণকে সচেতন করার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র পাল বলেন, মসজিদ শুধু ইবাদতের স্থান নয়; এটি সামাজিক সচেতনতা ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। প্রশাসনের বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ সফলভাবে বাস্তবায়নে ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সভায় অংশগ্রহণকারী ধর্মীয় নেতারা তাঁদের মতামত, বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো তুলে ধরেন। একই সঙ্গে সমাজে শান্তি-শৃঙ্খলা, ধর্মীয় সম্প্রীতি, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় প্রশাসনের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা এ ধরনের মতবিনিময় সভা নিয়মিত আয়োজনের দাবি জানান। পাশাপাশি ধর্মীয় প্রতিষ্ঠান ও প্রশাসনের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
মোঃ রাশেদুল ইসলাম এবং এইচএম রুহুল আমিন 

















