সংসদে বিএনপির সঙ্গে জামায়াতের আর ক্যাম্পাসে ছাত্রদলের সঙ্গে শিবিরের এই কুসুম কুসুম প্রেম জাস্ট একটা ফাজলামি বলে মন্তব্য করেছেন গণবিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (গকসু) সহ-সাধারণ সম্পাদক (এজিএস) সামিউল হাসান শোভন। একইসঙ্গে পোস্টে ইসলামী ছাত্রশিবিরকে উদ্দেশ্য করে সহিংসতার ইঙ্গিতপূর্ণ বক্তব্য দেন তিনি।
মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া ওই পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে সামিউল হাসান শোভন লেখেন, হে শিবির, ওরা আপনাদের চোখ তুলতে পারে, গোড়ালি কাটতে পারে, মাথা ফাটাতে পারে। আর আপনারা সারা জীবন খালি মার খেয়ে প্রতিবাদ মিছিলই করে গেলেন। ৯০-এর দশকে শিবিরের উপর পায়ের রগ কাটার মিথ্যা অপবাদ আছে, সন্ত্রাস রুখে দিতে প্রয়োজনে ২/১টা রগ কেটে ইতিহাস তৈরি করুন। আপনারা এত আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে কী করবেন, তারা তো ঠিকই আইনকে মিডিল ফিঙ্গার দেখাচ্ছে প্রতিনিয়ত।
এসময় তোমাকে আবার জেগে উঠতে হবে, হে শিবির_ক্যাডার_নাসির, দেখো পুনরায় নব্যসন্ত্রাসের উত্থান হয়েছে বলে জানান গকসু এজিএস।
এদিকে পোস্টটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে এর সমালোচনা শুরু হয়। অনেকেই মন্তব্যের ঘরে এমন বক্তব্যকে উসকানিমূলক ও সহিংসতাকে উৎসাহিতকারী হিসেবে আখ্যায়িত করেন। মো. তানভির নামের একজন মন্তব্য করেন, ‘সামিউল তোমার এমন উত্তেজনামূলক বক্তব্যের তীব্র নিন্দা জানাই।’
ডেস্ক রিপোর্ট 



















