বাংলাদেশের আকাশে পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে আগামীকাল সোমবার (২২ জানুয়ারি) থেকে পবিত্র রজব মাস গণনা শুরু হবে। সেই হিসাব অনুযায়ী আগামী ১৬ জানুয়ারি (শুক্রবার) দিবাগত রাতে সারাদেশে পবিত্র শবে মিরাজ উদযাপিত হবে।
রোববার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
সভায় ১৪৪৭ হিজরি সনের রজব মাসের চাঁদ দেখা সংক্রান্ত বিভিন্ন তথ্য পর্যালোচনা করা হয়। এ বিষয়ে সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে জাতীয় চাঁদ দেখা কমিটি সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গ্রহণ করে।
উল্লেখ্য, পবিত্র রজব মাস মুসলমানদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি মাস। এ মাসেই মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা মিরাজ সংঘটিত হয়েছিল। তাই শবে মিরাজ উপলক্ষে সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বিশেষ ইবাদত, নফল নামাজ, দোয়া ও বিভিন্ন কর্মসূচি পালিত হবে।
ডেস্ক রিপোর্টঃ 



















