বাকেরগঞ্জ উপজেলার ৪ নম্বর দুধল ইউনিয়নের ৪০ নম্বর সরসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালীন শ্রেণিকক্ষের বিম ধসে এক কোমলমতি শিক্ষার্থী আহত হয়েছে। আজ ৯ আগস্ট এ দুর্ঘটনা ঘটে। এতে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে নিয়মিত পাঠদান চলছিল। হঠাৎ করে শ্রেণিকক্ষের ছাদের একটি বিম ভেঙে নিচে পড়ে যায়। এ সময় সেখানে থাকা এক শিক্ষার্থী আহত হয়। পরে আহত শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
হঠাৎ বিম ধসে পড়ার ঘটনায় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার পর অভিভাবকদের মধ্যেও সন্তানদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
স্থানীয়রা জানান, বিদ্যালয় ভবনটির দীর্ঘদিন ধরে বেহাল দশা। ভবনের বিভিন্ন অংশ ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও সময়মতো প্রয়োজনীয় সংস্কার বা মেরামতের উদ্যোগ নেওয়া হয়নি। ফলে ক্লাস চলাকালীন বিম ধসের ঘটনায় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে।
এলাকাবাসী বলেন, একটি প্রাথমিক বিদ্যালয়ে কোমলমতি শিশুরা প্রতিদিন শিক্ষা নিতে আসে। সেখানে ভবনের কোনো অংশ ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলে তা দ্রুত সংস্কার বা বিকল্প ব্যবস্থা করা জরুরি। আজ একজন শিক্ষার্থী আহত হয়েছে; ভবিষ্যতে যেন আরও বড় কোনো দুর্ঘটনা না ঘটে, সেজন্য এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে ঝুঁকিপূর্ণ শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ রেখে অবিলম্বে বিকল্প শ্রেণিকক্ষের ব্যবস্থা করে শিক্ষা কার্যক্রম চালু রাখার দাবি জানিয়েছেন অভিভাবক ও স্থানীয়রা।
একই সঙ্গে বিদ্যালয়ের পুরো ভবন দ্রুত পরিদর্শন করে ঝুঁকিপূর্ণ অংশ চিহ্নিত করা এবং প্রয়োজনীয় সংস্কার ও মেরামতের ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে বাকেরগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তার দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় বাসিন্দা ও অভিভাবকরা। তাদের দাবি, শিক্ষার্থীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জরুরি ভিত্তিতে বিদ্যালয় ভবনটি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক।
মোঃ রাকিবুল ইসলাম (রাকিব) 























