বাকেরগঞ্জ উপজেলার ৬ নম্বর ফরিদপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী কাকরধা বাজারে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা না থাকায় বাজারের বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে পানি জমে চরম দুর্ভোগে পড়ছেন শিক্ষার্থী, রোগী, পথচারী, ক্রেতা ও ব্যবসায়ীরা।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে বাজারের পানি নিষ্কাশন ব্যবস্থা অপ্রতুল ও অপরিকল্পিত থাকায় অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে স্বাভাবিক চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি বাজারের পরিবেশও অস্বাস্থ্যকর হয়ে পড়ে।
সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা। অনেককে পানি মাড়িয়ে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হচ্ছে। একইভাবে বয়স্ক মানুষ, শিশু ও অসুস্থ রোগীদেরও পানির মধ্য দিয়ে চলাচল করতে হচ্ছে।
এক শিক্ষার্থী বলেন, “সামান্য বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে যায়। স্কুলে যাওয়ার সময় জুতা হাতে নিয়ে পানি পার হতে হয়। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করা প্রয়োজন।”
ব্যবসায়ীরাও জলাবদ্ধতার কারণে ক্ষতির মুখে পড়ছেন। দোকানের সামনে পানি জমে থাকায় ক্রেতাদের চলাচল কমে যায় এবং মালামাল ওঠানামাতেও সমস্যা হয়। স্থানীয় ব্যবসায়ীদের মতে, কাকরধা বাজারটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র হওয়ায় এর পানি নিষ্কাশন ব্যবস্থার স্থায়ী সমাধান জরুরি।
স্থানীয়দের ভাষ্য, বৃষ্টির পানি দীর্ঘসময় জমে থাকার পর কাদা, ময়লা-আবর্জনা ও দুর্গন্ধের সৃষ্টি হয়। এতে বাজারের পরিবেশ দূষিত হওয়ার পাশাপাশি স্বাস্থ্যঝুঁকিও বাড়ছে।
স্থানীয়দের দাবি, জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ, বিদ্যমান পানি চলাচলের পথ পরিষ্কার, প্রয়োজনীয় স্থানে সড়ক সংস্কার এবং অবকাঠামোগত উন্নয়ন করতে হবে।
তাদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কাকরধা বাজার সরেজমিনে পরিদর্শন করে দীর্ঘদিনের এই জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগ নেবে।
এইচ এম রুহুল আমিন 



















