পবিত্র ৯ রবিউল আউয়াল উপলক্ষে আজ ২৩ আগস্ট ২০২৬ রাজধানী ঢাকায় আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টসহ বিভিন্ন সুন্নি সংগঠনের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়েছে ঐতিহাসিক ও বর্ণাঢ্য ‘জশনে জুলুছ-এ ঈদে মিলাদুন্নবী (সা.)’ ও শান্তি সমাবেশ।
এ উপলক্ষে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বর্ণাঢ্য জশনে জুলুছ অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত পীর-মাশায়েখ, ওলামায়ে কেরাম, ধর্মীয় ব্যক্তিত্ব ও বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন।
জশনে জুলুছকে ঘিরে রাজধানীতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বিভিন্ন সড়কে নবীপ্রেমের নানা স্লোগান, ধর্মীয় পতাকা ও ব্যানার নিয়ে আশেকান ও সুফি ভক্তদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
র্যালি শেষে আয়োজিত শান্তি মহাসমাবেশে বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণ, শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, মহানবী (সা.)-এর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশের পাশাপাশি সমাজে শান্তি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দেওয়াই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
আবু সাঈদ খান 
























