ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে সরকারের বাস্তবায়িত, চলমান ও প্রস্তাবিত বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের বিস্তারিত তথ্য তুলে ধরে প্রেস ব্রিফিং করেছেন সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান।
শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যা ৭টায় বাকেরগঞ্জে সংসদ সদস্যের বাসভবনে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, মৎস্য, সড়ক যোগাযোগ, সামাজিক নিরাপত্তা, নদীভাঙন রোধ ও অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন খাতে সরকারের নেওয়া ও বাস্তবায়নাধীন প্রকল্পের তথ্য তুলে ধরা হয়। পাশাপাশি ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনাও সাংবাদিকদের সামনে উপস্থাপন করা হয়।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, ২০২৫-২৬ অর্থবছরে টিআর, কাবিখা ও কাবিটা কর্মসূচির আওতায় ইট সোলিং ও মাটির রাস্তা নির্মাণ, স্টেডিয়াম ও মাঠ ভরাট, মসজিদ-মাদ্রাসা-মন্দির ও ক্লাব সংস্কার, বিভিন্ন প্রতিষ্ঠানে টয়লেট ও ওজুখানা নির্মাণ, স্কুল-কলেজ সংস্কার এবং কালভার্ট নির্মাণসহ মোট ১৬৬টি প্রকল্প গ্রহণ করা হয়েছে। এসব প্রকল্পে নগদ অর্থ ও খাদ্যশস্য বরাদ্দ রয়েছে।
এছাড়া বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি), পানি উন্নয়ন বোর্ড এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় খাল খনন ও পুনঃখননের বিভিন্ন প্রকল্প চলমান ও প্রস্তাবিত রয়েছে বলে জানানো হয়।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আওতায় বিভিন্ন কলেজ, স্কুল ও মাদ্রাসা সংস্কার এবং একটি নতুন স্কুল ভবন নির্মাণের প্রকল্পের তথ্যও তুলে ধরা হয়। পাশাপাশি প্রধানমন্ত্রীর ত্রাণ ও বিশেষ তহবিল থেকে নগদ অনুদান, খাদ্যশস্য বিতরণ এবং ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কারে সহায়তার কথাও জানানো হয়।
স্বাস্থ্য ও জনস্বাস্থ্য খাতে ১ হাজার ১০৫টি টুইন-পিট টয়লেট, ৪টি কমিউনিটি টয়লেট, ১টি ওভারহেড ট্যাংক এবং ১১৩টি গভীর নলকূপ নির্মাণের কাজ চলমান রয়েছে বলে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়।
সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় নতুন করে ৩৫৫ জনকে বয়স্ক ভাতা, ৪১৭ জনকে বিধবা ভাতা এবং ১ হাজার ৫৩৯ জনকে প্রতিবন্ধী ভাতা দেওয়ার তথ্য তুলে ধরা হয়। নারী ও শিশু উন্নয়ন খাতে ৩ হাজার ৩০৯ জনকে ভিজিডি কার্ড প্রদান, নারী প্রশিক্ষণ, ক্ষুদ্রঋণ এবং কিশোর-কিশোরী ক্লাব কার্যক্রমের বিভিন্ন উদ্যোগের কথাও জানানো হয়।
কৃষি খাতে ২ হাজার ৮৪০ জন কৃষকের জন্য কৃষক কার্ড, ৭ হাজার ৮০০টি চারা, ১১ মেট্রিক টন ধানবীজ এবং ১২০ দশমিক ৪ মেট্রিক টন জৈব সার বিতরণের তথ্য দেওয়া হয়। মৎস্য খাতে ৫৫০ কেজি পোনা অবমুক্তকরণ, ঝিনুক চাষ ও খাঁচায় মাছ চাষসহ বিভিন্ন প্রকল্পের কথাও উল্লেখ করা হয়।
এলজিইডির আওতায় বিভিন্ন প্রস্তাবিত কার্পেটিং সড়ক, মসজিদ-মন্দির সংস্কার, সেতু-কালভার্ট নির্মাণ, ড্রেন, পার্ক ও সেতু নির্মাণের প্রকল্পের তথ্য তুলে ধরা হয়। একই সঙ্গে বাকেরগঞ্জ পৌরসভায় কার্পেটিং ও আরসিসি রাস্তা নির্মাণ, ড্রেন, পার্ক ও সেতু নির্মাণের পাশাপাশি মার্কেট ও সাইক্লোন সেন্টার নির্মাণের পরিকল্পনার কথাও জানানো হয়।
যুব উন্নয়ন খাতে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ ও ঋণ প্রদানের কর্মসূচি, ২০ হাজার বৃক্ষরোপণ, হেরিংবোন বন্ড রাস্তা নির্মাণ, সেতু-কালভার্ট নির্মাণ এবং নদীভাঙন রোধে বিভিন্ন প্রকল্প গ্রহণের পরিকল্পনাও প্রেস ব্রিফিংয়ে তুলে ধরা হয়।
এ সময় বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলটন চন্দ্র পাল, উপজেলা বিএনপির ১ নম্বর সদস্য মিসেস সেলিনা হোসেন বাবলী, বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাসির জোমাদ্দার, উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান মিয়া, সদস্য মিজানুর রহমান চুন্নু, চেয়ারম্যান হারুন অর রশিদ শিকদারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রেস ব্রিফিংয়ে বাকেরগঞ্জে কর্মরত বাকেরগঞ্জ দর্পণ-এর প্রতিনিধি এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সংসদ সদস্য আবুল হোসেন খান বলেন, সরকারের ১৮০ দিনে বাকেরগঞ্জের বিভিন্ন খাতে যে উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়িত, চলমান ও প্রস্তাবিত রয়েছে, সেগুলো ধারাবাহিকভাবে বাস্তবায়নের মাধ্যমে উপজেলার সার্বিক উন্নয়ন ও জনসেবার মান আরও এগিয়ে নেওয়াই লক্ষ্য।
মোঃ আবু সাঈদ খান 



















