বাকেরগঞ্জে স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটির জেরে অভিমান করে রায়হান (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। নিহত রায়হান উপজেলার ভরপাশা ইউনিয়নের লক্ষ্মীপাশা গ্রামের আবুল হাওলাদারের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে বিয়ে করেন রায়হান। বর্তমানে তিনি বাকেরগঞ্জ পৌরসভার বাসস্ট্যান্ড এলাকায় ‘মায়ের দোয়া বেকারি’তে কেক তৈরির কারিগর হিসেবে কর্মরত ছিলেন।
গত ২৩ আগস্ট সকালে প্রতিদিনের মতো কর্মস্থলে যান রায়হান। সেখানে যাওয়ার প্রায় এক ঘণ্টা পর স্ত্রীর ফোন পেয়ে তিনি আবার বাড়িতে ফিরে আসেন। পরে স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে নিজ কক্ষের দরজা বন্ধ করে দেন। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা জানালা দিয়ে তাকে ফ্যানের সঙ্গে রশি বাঁধা অবস্থায় দেখতে পান।
পরে পরিবারের সদস্যরা দরজা ভেঙে দ্রুত তাকে উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রায়হানকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে বাকেরগঞ্জ থানা পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে থানায় নিয়ে যায়।
বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আদিল হোসেন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মোঃ জহিরুল ইসলাম 



















