বরিশালের রুপাতলী ফিশিং জামে মসজিদের দীর্ঘদিনের ইমাম মো. রেজাউল করিম (৬০) আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আজ শুক্রবার (২৮ আগস্ট) রাত ৯টার দিকে বরিশাল নগরীর রুপাতলী এলাকায় নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুম মো. রেজাউল করিম বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের শ্যামপুর গ্রামের সন্তান। তিনি দীর্ঘ প্রায় ৪০ বছর ধরে রুপাতলী ফিশিং জামে মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। দীর্ঘ কর্মজীবনে তিনি মসজিদের মুসল্লি ও স্থানীয় মানুষের কাছে ধর্মীয় জ্ঞান, নিষ্ঠা ও সদাচরণের জন্য পরিচিত ছিলেন।
জানা গেছে, ইমাম মো. রেজাউল করিম দীর্ঘদিন ধরে লিভার ক্যান্সারে আক্রান্ত ছিলেন। অসুস্থতার কারণে তিনি ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি হাসপাতাল)-এ চিকিৎসাধীন ছিলেন। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় বরিশালে নিজ বাসায় ফিরে আসেন।
তাঁর মৃত্যুতে রুপাতলী ফিশিং জামে মসজিদের মুসল্লি, স্থানীয় বাসিন্দা, স্বজন ও গুণগ্রাহীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তাঁর স্বজন, মুসল্লি ও শুভাকাঙ্ক্ষীরা।
আল্লাহ তায়ালা মরহুমকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।
মোঃ শাহিন মিরা 
























