শ্রীলঙ্কায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন ও সংগঠনটির দ্বি-বার্ষিক ম্যাগাজিনের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩০ আগস্ট) শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এ কমিটি গঠন ও ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়।
সংগঠনের শ্রীলঙ্কা চ্যাপ্টারের সভাপতি অ্যাম্বাসেডর ড. জে. জুড নিমালান জে.পি.-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীলঙ্কান মুসলিম কংগ্রেসের উপনেতা, সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য সৈয়দ আলী জাহির মাওলানা।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় মহাসচিব অধ্যাপক মোহাম্মদ আবেদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক ড. মোহাম্মদ মাসুম চৌধুরী, পরিচালক ডা. মনজুর এ খোদা এবং কেন্দ্রীয় বিশেষ প্রতিনিধি মো. গোলাম মোস্তফা।
কেন্দ্রীয় সদর দপ্তরের উপপরিচালক মোহাম্মদ আল-আমিন খান-এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে অধ্যাপক মোহাম্মদ আবেদ আলী বলেন, বাংলাদেশ থেকে উদ্যোগ নিয়ে এশিয়ায় যে আঞ্চলিক সংস্থাটি প্রতিষ্ঠিত হয়েছিল, সেটি হলো সার্ক। সার্কের কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করতে এর অন্তর্ভুক্ত আটটি দেশের যৌথ ও সক্রিয় উদ্যোগ প্রয়োজন।
তিনি বলেন, সার্কের কার্যক্রম গতিশীল হলে এ অঞ্চলের মানবিক, সাংস্কৃতিক, বাণিজ্যিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে এবং পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে অভূতপূর্ব অগ্রগতি সম্ভব হবে।
প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ আলী জাহির মাওলানা শ্রীলঙ্কায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের কার্যক্রম পরিচালনায় সরকার ও প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। তিনি সংগঠনটির মানবাধিকার ও সামাজিক কার্যক্রমের সফলতা কামনা করেন।
এদিকে, শ্রীলঙ্কায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের আনুষ্ঠানিক কার্যক্রমের নতুন যাত্রাকে স্বাগত জানিয়েছেন দেশটির বিভিন্ন অঞ্চলের সাধারণ মানুষ। সংশ্লিষ্টরা মনে করছেন, এ উদ্যোগ দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে মানবাধিকার, সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।
আবু সাঈদ খান 



















