বাকেরগঞ্জ উপজেলার পাদ্রিশীবপুর ইউনিয়নে কানকি থেকে স্লুইস গেট বাজারমুখী ইটের সলিং সড়কের একটি বড় অংশ দেবে গিয়ে সৃষ্টি হয়েছে প্রকাণ্ড গর্ত। প্রায় এক সপ্তাহ ধরে সড়কটির এমন বেহাল দশা থাকলেও এখনো সংস্কারের কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও পথচারীরা।
সরেজমিনে দেখা যায়, আমেনা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয় পার হয়ে স্লুইস গেট বাজারের আগের অংশে সড়কটির বড় একটি অংশ দেবে গেছে। এতে ইটের সলিং ভেঙে গভীর গর্তের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের ধারণা, সড়কের নিচ দিয়ে পানি প্রবাহিত হওয়ায় মাটি সরে গিয়ে সড়কটি ধসে পড়েছে।
সড়কটির ধসে যাওয়া অংশ দিয়ে অটোরিকশা, রিকশা ও মোটরসাইকেল চলাচল প্রায় বন্ধ রয়েছে। পথচারীদেরও ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
গুরুত্বপূর্ণ এ সড়ক দিয়ে আমেনা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়, দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, এম এ মালেক ডিগ্রি কলেজ, রঘুনাথপুর মাধ্যমিক বিদ্যালয় ও আব্দুল গনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা নিয়মিত যাতায়াত করেন। পাশাপাশি স্লুইস গেট বাজারগামী শত শত মানুষও এ সড়ক ব্যবহার করেন।
স্থানীয়দের দাবি, দুর্ঘটনা এড়াতে দ্রুত ধসে যাওয়া অংশ সংস্কারের পাশাপাশি সড়কের নিচ দিয়ে পানি প্রবাহের কারণ চিহ্নিত করে টেকসই ব্যবস্থা নিতে হবে।
এ বিষয়ে উপজেলা প্রশাসন, সংশ্লিষ্ট জনপ্রতিনিধি ও পাদ্রিশীবপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক সাইফুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
এইচ এম রুহুল আমিন 



















