বাকেরগঞ্জ উপজেলার সরসী খেয়াঘাট ও ৪০ নম্বর সরসী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (টিএনও) এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিজান মিয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ।
পরিদর্শনকালে সরসী খেয়াঘাটে সাধারণ মানুষের যাতায়াত পরিস্থিতি, খেয়া পারাপারে ভোগান্তি এবং নির্ধারিত ভাড়ার বিষয়টি গুরুত্বসহকারে পর্যবেক্ষণ করা হয়।
এ সময় সংশ্লিষ্টদের সরকারি নিয়ম-কানুন মেনে খেয়া পরিচালনা ও যাত্রী পারাপার নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনা অনুযায়ী, সাধারণ যাত্রীর জন্য জনপ্রতি সর্বোচ্চ ১০ টাকা এবং মোটরসাইকেল পারাপারে ২০ টাকা ভাড়া নেওয়া যাবে। এর বেশি ভাড়া আদায় করা হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর জন্য সাধারণ যাত্রীদের প্রতি আহ্বান জানানো হয়।
পরিদর্শনকারীরা বলেন, সরসী খেয়াঘাটটি স্থানীয় মানুষের দৈনন্দিন যাতায়াতের গুরুত্বপূর্ণ মাধ্যম। তাই যাত্রীদের স্বার্থ বিবেচনায় নিয়ে নির্ধারিত ভাড়ায় নিরাপদ ও নির্বিঘ্ন পারাপার নিশ্চিত করা প্রয়োজন।
পরে ৪০ নম্বর সরসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ও পরিদর্শন করা হয়। এ সময় বিদ্যালয়ের সার্বিক পরিবেশ পরিদর্শনের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনীয়তার বিষয়ে খোঁজখবর নেওয়া হয়।
সাধারণ মানুষের চলাচলে স্বস্তি নিশ্চিত করা এবং সরকারি নিয়ম-কানুন যথাযথভাবে বাস্তবায়নের লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের তদারকি অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানান।
এইচ এম রুহুল আমিন 



















