‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ -এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের বাকেরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা এবং শিক্ষার্থীদের মাঝে গল্পের বই ও গাছের চারা বিতরণ করা হয়।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের উদ্যোগে পৌর শহরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ সভাকক্ষে গিয়ে শেষ হয়। পরে সেখানে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলটন চন্দ্র পাল। সহকারী শিক্ষা কর্মকর্তা নুসরাত মনিরের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সহকারী শিক্ষা কর্মকর্তা ও ভারপ্রাপ্ত উপানুষ্ঠানিক শিক্ষা কর্মকর্তা রাবেয়া চৌধুরী, সহকারী শিক্ষা কর্মকর্তা এনামুল হক, সেইন্ট বাংলাদেশের প্রকল্প সমন্বয়কারী দেওয়ান ইসতে আখ উল আলম, প্রধান শিক্ষক নুরুন্নাহার বেগমসহ অনেকে।
র্যালিতে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাসির জোমাদ্দার, উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান মিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিন, মিজানুর রহমান চুন্নু চেয়ারম্যান, আলিম জোমাদ্দার ও পৌর যুবদলের আহ্বায়ক আতাউর রহমান রোমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও শিক্ষার্থীরা।
আলোচনা সভায় ইউএনও মিলটন চন্দ্র পাল বলেন, সাক্ষরতাকে শুধু পড়া, লেখা ও গণনা শেখার মধ্যে সীমাবদ্ধ না রেখে টেকসই উন্নয়ন ও উন্নত জীবনমান গঠনের হাতিয়ার হিসেবে কাজে লাগাতে হবে। একটি শিক্ষিত ও সচেতন জনগোষ্ঠী গড়ে তুলতে সাক্ষরতার প্রসার অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, সাম্প্রতিক অর্থনৈতিক সমীক্ষা-২০২৫-এর তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে সাক্ষরতার হার ৭৭ দশমিক ৯ শতাংশ। সরকারের লক্ষ্য ২০৩১ সাল নাগাদ এ হার ৮৬ থেকে ৯০ শতাংশে উন্নীত করা।
আলোচনা সভা শেষে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে গল্পের বই ও গাছের চারা বিতরণ করা হয়।
মোঃ রাশেদুল ইসলাম 



















