বাকেরগঞ্জ পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা মো. ইফতেখার উদ্দিনের তাস খেলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা প্রশাসন। একই ভিডিওতে থাকা বাকেরগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম (মাহি)-কে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) প্রায় ২২ সেকেন্ডের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে তিন ব্যক্তিকে একটি স্থানে বসে তাস খেলতে দেখা যায়। তাদের সামনে নগদ টাকাও দেখা যায়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা ও সমালোচনা শুরু হয়।
এ বিষয়ে বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মিলটন চন্দ্র পাল বলেন, “আমরা এ ধরনের একটি অভিযোগ পেয়েছি। তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও জানানো হয়েছে।”
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা মো. ইফতেখার উদ্দিনের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে নম্বরটি বন্ধ পাওয়া যায়।
অন্যদিকে, ভিডিওতে থাকা ওবায়দুল ইসলাম (মাহি) অভিযোগ অস্বীকার করে বলেন, ভিডিওটি তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে তৈরি করা হয়েছে। এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি বলেও দাবি করেন তিনি।
এ ঘটনায় বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাসির জোমাদ্দার ও সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট অভিযোগ পাওয়ায় ওবায়দুল ইসলাম (মাহি)-কে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটির সত্যতা, উৎস ও প্রকৃত প্রেক্ষাপট সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।
ভিডিওটি সত্য নাকি সম্পাদিত/এআই-নির্মিত—তা যাচাইয়ের পাশাপাশি ঘটনার প্রকৃত প্রেক্ষাপট নিশ্চিত হওয়াই এখন মূল বিষয়।
মোঃ আবু সাঈদ খান 


















