বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ইউনিয়নের হিরাধর গ্রামের মল্লিক বাড়ির নাসির খলিফার দোকানের সামনের রাস্তায় গাঁজাসহ এক যুবককে আটক করেছে স্থানীয় জনগণ। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ওই যুবককে হাতেনাতে ধরে বাকেরগঞ্জ থানায় সোপর্দ করা হয়।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, আটককৃত যুবক কলসকাঠী ইউনিয়নের গুড়িয়া গ্রামের বাসিন্দা মো. কালাম হাওলাদারের ছেলে মো. শাকিল হাওলাদার। এ সময় স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে ঘটনার মূল হোতা পালিয়ে যেতে সক্ষম হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মো. মজিবুর রহমান মল্লিক (এসআই, ভোলা সদর থানা), আল মামুন মল্লিক, আব্দুল জলিল খান, আব্দুল মালেক মল্লিক, আলতাফ খান, রনি শিকদারসহ আরও অনেকে গাঁজাসহ ওই যুবককে হাতেনাতে আটক করেন। পরে তাঁরা সম্মিলিতভাবে তাকে বাকেরগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।
এ বিষয়ে বাকেরগঞ্জ থানায় একাধিকবার যোগাযোগ করা হলেও আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা গ্রহণ করা হয়েছে কি না- এ সংক্রান্ত কোনো নিশ্চিত তথ্য ডিউটি অফিসারের কাছ থেকে পাওয়া যায়নি।
ঘটনাটি নিয়ে এলাকাবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। স্থানীয়রা মাদকবিরোধী অভিযান জোরদার ও দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
ডেস্ক রিপোর্টঃ 



















