বাকেরগঞ্জে চীনা যুবকের সঙ্গে স্থানীয় এক তরুণীর বিয়ে নিয়ে এলাকায় ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়েছে।চীনের জিয়াংসি প্রদেশের ইছুন শহরের বাসিন্দা ৩৫ বছর বয়সী জিয়াং মোবাইল ফোনে পরিচয় ও দীর্ঘদিনের সম্পর্কের সূত্র ধরে বাংলাদেশে এসে বিয়ে করেছেন বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের ফলাঘর গ্রামের জান্নাতুল ইসলাম ইভাকে।
জানা গেছে, ২০২৪ সালে মোবাইল ফোন কিনতে ঢাকার বসুন্ধরা এলাকায় যান জান্নাতুল ইসলাম ইভা। সেখানে তিন চীনা নাগরিকের সঙ্গে তার পরিচয় হয়। একপর্যায়ে তাদের মাধ্যমে মোবাইল ফোনে জিয়াংয়ের সঙ্গে পরিচয় ঘটে। পরে ইউ চ্যাটের মাধ্যমে তাদের নিয়মিত যোগাযোগ শুরু হয় এবং ধীরে ধীরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
প্রায় দেড় বছরের সম্পর্কের পর গত ৩ আগস্ট বাংলাদেশে আসেন জিয়াং। ওইদিনই ইভার সঙ্গে তার প্রথম সরাসরি দেখা হয়। পরদিন ৪ আগস্ট আইনগত প্রক্রিয়ায় ধর্ম পরিবর্তনের এফিডেভিট করেন জিয়াং। পরে রেজিস্ট্রি কাবিনের মাধ্যমে ইভাকে বিয়ে করেন তিনি।
বিয়ের পর কিছুদিন আগে স্ত্রীকে সঙ্গে নিয়ে ইভার বাবার বাড়ি বাকেরগঞ্জের ফলাঘর গ্রামে আসেন জিয়াং। বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় গায়ে হলুদের অনুষ্ঠান। শুক্রবার জুমার নামাজের পর পারিবারিকভাবে আয়োজন করা হয় বৌভাতের অনুষ্ঠান।
ইভা জানান, জিয়াং গ্রামবাংলার পরিবেশ খুব পছন্দ করেছেন। তার বাবা-মায়ের দীর্ঘদিনের ইচ্ছা ছিল মেয়ের বিয়েতে বড় পরিসরে অনুষ্ঠান করার। সেই ইচ্ছা থেকেই গ্রামে এসে পারিবারিকভাবে আয়োজন করা হয়েছে বিয়ের অনুষ্ঠান। স্বামীর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধার কথাও জানান তিনি।
ইভা আরও বলেন, জিয়াংয়ের ভাষা তিনি অল্পবিস্তর বুঝতে পারেন। বাকিটা অনুবাদ অ্যাপের মাধ্যমে দুজনের মধ্যে যোগাযোগ হয়। জিয়াং পরিবারের সদস্যদের সঙ্গেও ভালো ব্যবহার করছেন এবং বাংলাদেশের খাবার ও স্থানীয় পরিবেশ তার বেশ পছন্দ হয়েছে।
অনুবাদ অ্যাপের মাধ্যমে জিয়াং জানান, ইউ চ্যাটে পরিচয়ের সূত্র ধরেই বাংলাদেশে আসা এবং বিয়ে করা। ভবিষ্যতে স্ত্রী ইভাকে নিয়ে চীনে ফিরে যাওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।
কনের বাবা জাকির হাওলাদার বলেন, জিয়াংকে তারা জামাই হিসেবে মেনে নিয়েছেন। তার দাবি, এক মাসেরও বেশি সময় ধরে জিয়াং বাংলাদেশে অবস্থান করছেন। ইভার পাসপোর্ট তৈরির কাজও সম্পন্ন হয়েছে। কিছুদিন পর স্ত্রীকে নিয়ে জিয়াং চীনে ফিরে যাবেন।
এদিকে বিষয়টি সম্পর্কে বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আদিল হোসেন জানান, চীনা নাগরিক জিয়াংয়ের বিষয়ে তারা অবগত নন। তিনি বৈধ পাসপোর্টে বাংলাদেশে প্রবেশ করেছেন কিনা এবং স্থানীয় এক নারীকে বিয়ে করেছেন কিনা—বিষয়গুলো তদন্ত করে দেখা হবে বলে জানান তিনি।
স্থানীয়দের মধ্যে চীনা যুবকের সঙ্গে বাকেরগঞ্জের তরুণীর এই বিয়ে নিয়ে ব্যাপক আগ্রহ ও কৌতূহল দেখা দিয়েছে।
মোঃ রাহাত শিকদার 


















