দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে দ্বিতীয় সমাবর্তনের তারিখ ঘোষণা করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী ২০২৭ সালের ২৩ জানুয়ারি (শনিবার) বিশ্ববিদ্যালয়টির বহুল কাঙ্ক্ষিত দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ সম্প্রতি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, ১৯৯২ সালে প্রতিষ্ঠার পর এ পর্যন্ত মাত্র একবার সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে। ২০১৭ সালের ১৭ জানুয়ারি প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হওয়ার পর দীর্ঘ প্রায় এক দশকের অপেক্ষা শেষে এবার দ্বিতীয় সমাবর্তনের আয়োজন করা হচ্ছে।
উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ জানান, সমাবর্তন সফলভাবে আয়োজনের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতোমধ্যে প্রাথমিক প্রস্তুতি ও কর্মপরিকল্পনা শুরু করেছে। গ্র্যাজুয়েটদের অনলাইন নিবন্ধন, মূল সনদপত্র প্রস্তুত, একাডেমিক গাউন বিতরণ এবং সমাবর্তনের স্থান নির্ধারণসহ আনুষঙ্গিক কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়া হবে।
তবে কোন কোন শিক্ষাবর্ষ বা ব্যাচের শিক্ষার্থীরা সমাবর্তনে অংশ নিতে পারবেন এবং নিবন্ধন ফি কত নির্ধারণ করা হবে, সে বিষয়ে বিস্তারিত বিজ্ঞপ্তি শিগগিরই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
দীর্ঘদিন সমাবর্তন না হওয়ায় জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে উত্তীর্ণ বিপুলসংখ্যক গ্র্যাজুয়েট মূল সনদপত্র সংগ্রহসহ বিভিন্ন ক্ষেত্রে ভোগান্তির মুখে পড়েছেন। অবশেষে দ্বিতীয় সমাবর্তনের তারিখ নির্ধারণের খবরে সাবেক শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস দেখা দিয়েছে।
মোঃ জুলহাস হোসেন 



















