বাকেরগঞ্জ পৌরসভার থানার পশ্চিম পাশে শ্রীমন্ত নদীর ওপর নির্মিত আয়রন সেতুটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। সেতুর কংক্রিটের স্ল্যাব ভেঙে বিভিন্ন স্থানে বড় গর্ত তৈরি হয়েছে। কোথাও কোথাও বেরিয়ে এসেছে লোহার রড ও কাঠামো। এতে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছেন শিক্ষার্থী, শিশু, নারী ও বয়স্কসহ স্থানীয়রা।
সেতুটি আগাবাকের রোড ও সদর রোডের গুরুত্বপূর্ণ সংযোগপথ হওয়ায় প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ ও যানবাহন চলাচল করে। বিশেষ করে রাতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় দুর্ঘটনার ঝুঁকি আরও বেড়ে যায় বলে জানিয়েছেন স্থানীয়রা।
এদিকে সেতুর উত্তর পাশে সদর রোডের সংযোগস্থলে যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলে তৈরি হয়েছে ময়লার স্তূপ। এতে দুর্গন্ধ ছড়ানোর পাশাপাশি পরিবেশও দূষিত হচ্ছে। দ্রুত ময়লা অপসারণ ও নির্দিষ্ট বর্জ্য ব্যবস্থাপনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মিল্টন চন্দ্র পাল বলেন, “সেতুর স্ল্যাব তৈরির কাজ চলছে। দ্রুত সময়ের মধ্যে সেতুটির সংস্কার করা হবে। আর সেতুর সংযোগস্থলে ময়লার স্তূপের বিষয়টি আমার নজরে আসেনি। বিষয়টি দেখে দ্রুত ময়লা অপসারণের ব্যবস্থা করা হবে।”
দুর্ঘটনা এড়াতে দ্রুত সেতুটির সংস্কার, পর্যাপ্ত আলোর ব্যবস্থা এবং সংযোগস্থল পরিষ্কার রাখার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
এইচ এম রুহুল আমিন 



















