ইংল্যান্ড অ্যাশেজ সিরিজ হেরেছে মাত্র ১১ দিন আগে। এরই মধ্যে ইংলিশ ক্রিকেটার বেন ডাকেটের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় নতুন করে আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে। ভিডিওতে অতিরিক্ত মদ্যপ অবস্থায় হোটেলের পথ হারিয়ে ফেলতে দেখা যায় তাঁকে। যদিও ভিডিওটির সত্যতা যাচাইয়ের চেষ্টা করছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওটি ধারণ করা হয় তৃতীয় টেস্টের আগে। ভিডিওতে শোনা যায়, মদ্যপ অবস্থায় বেন ডাকেট কয়েকজন ব্যক্তির সঙ্গে কথা বলছেন। তবে ভিডিওতে তাঁদের কাউকেই স্পষ্টভাবে দেখা যায়নি।
এক পর্যায়ে ডাকেটকে জিজ্ঞেস করা হয়, তিনি কোথায় থাকেন। জবাবে তিনি জানান, সেটি তিনি জানেন না। তখন একজন ব্যঙ্গাত্মকভাবে বলেন,
‘নেটে যাওয়ার জন্য তোমাকে একটা উবার ডেকে দিই, নাকি? সেটাই বোধ হয় ভালো হবে।’
ভিডিওটি প্রকাশের কয়েক ঘণ্টা আগেই ইংল্যান্ড দলের ব্যবস্থাপনা পরিচালক রব কি ঘোষণা দেন, সানশাইন কোস্টের নুসায় দলটির সফর নিয়ে তদন্ত করা হবে। উল্লেখ্য, নুসায় চার দিনের এই সফরটিকে ইসিবি আনুষ্ঠানিক ছুটি হিসেবে বিবেচনা করেনি।
এক বছর আগেই দলের প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককালাম এই সফরের পরিকল্পনা করেছিলেন। এর উদ্দেশ্য ছিল খেলোয়াড়দের মানসিকভাবে সতেজ করা। সে সময় কোনো অনুশীলন সূচিও ছিল না।
পরবর্তী টেস্টে অ্যাডিলেডে তুলনামূলক ভালো পারফরম্যান্স করলেও ইংল্যান্ড শেষ পর্যন্ত ৮২ রানে হেরে যায়। ফলে পাঁচ ম্যাচের অ্যাশেজ সিরিজে অস্ট্রেলিয়া মাত্র ১১ দিনের মধ্যেই ৩–০ ব্যবধানে এগিয়ে যায়।
মেলবোর্নে শুরু হতে যাওয়া চতুর্থ টেস্টের আগে রব কি বলেন, সফরটি তিনি খতিয়ে দেখবেন। তবে তাঁর বিশ্বাস, খেলোয়াড়রা সেখানে “খুব ভালো আচরণই করেছে”।
ইংল্যান্ড দলের নির্ভরযোগ্য ব্যাটারদের একজন বেন ডাকেট। তবে চলমান অ্যাশেজ সিরিজে এখন পর্যন্ত তিনি নিজের সামর্থ্য অনুযায়ী পারফরম্যান্স করতে পারেননি। তিনটি টেস্টে তাঁর সংগ্রহ ৯৭ রান, গড় ১৬.১৬। সর্বোচ্চ ইনিংস ২৯ রান।
এই পরিস্থিতিতে বেন ডাকেটকে ঘিরে ছড়িয়ে পড়া ভিডিও ইংল্যান্ড শিবিরে নতুন করে অস্বস্তি তৈরি করেছে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।
ডেস্ক রিপোর্টঃ 



















