বাকেরগঞ্জ পৌরসভার পৌর বাজার এলাকায় জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং সরকারি ও জনসাধারণের ব্যবহারের স্থান দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬) বাকেরগঞ্জ পৌর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) অভ্রজ্যোতি বড়াল।
অভিযানে বাকেরগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা সার্বিক সহযোগিতা করেন। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বাকেরগঞ্জ থানা পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পৌর বাজারের বিভিন্ন স্থানে জনসাধারণের চলাচলের জায়গা ও সরকারি/সার্বজনীন ব্যবহারের স্থান দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও অস্থায়ী ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়। এর ফলে পথচারীদের চলাচলের জন্য দখলমুক্ত জায়গা উন্মুক্ত করা হয়েছে।
অভিযান শেষে উচ্ছেদকৃত স্থানগুলো জনসাধারণের চলাচল ও স্বাভাবিক ব্যবহারের জন্য উন্মুক্ত রাখার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে এসব স্থানে পুনরায় দোকান, স্থাপনা কিংবা কোনো ধরনের অস্থায়ী ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন না করার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়, উচ্ছেদকৃত জায়গায় পুনরায় অবৈধভাবে দখল বা স্থাপনা নির্মাণের চেষ্টা করা হলে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি সুশৃঙ্খল, পরিচ্ছন্ন ও জনবান্ধব পৌর বাজার গড়ে তুলতে ব্যবসায়ী, স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।
মোঃ রাহাত শিকদার 



















