বাকেরগঞ্জের কবাই ইউনিয়নের ভ্যানচালক সুমন হত্যা মামলার এজাহারনামীয় ২ নম্বর আসামি মো. সুমন শিকদারকে গ্রেফতার করেছে র্যাব-৮ ও বাকেরগঞ্জ থানা পুলিশ। রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার শিয়ালঘুনি ১ নম্বর ওয়ার্ড এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মো. সুমন শিকদার (২৪) উপজেলার কালেরকাঠি ৪ নম্বর ওয়ার্ডের মো. বাবুল হোসেন সিকদারের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১০ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার কবাই ইউনিয়নের কালেরকাঠি এলাকায় ভ্যানচালক সুমন শিকদারের সঙ্গে স্থানীয় রেগান নামে এক ব্যক্তির বাকবিতণ্ডা হয়। এর কিছুক্ষণ পর হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও মারধর করে সুমনকে গুরুতর আহত করেন।
খবর পেয়ে বাকেরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত সুমনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের মা মোছা. মনোয়ারা বেগম বাদী হয়ে ১১ সেপ্টেম্বর বাকেরগঞ্জ থানায় মামলা করেন। মামলাটির নম্বর-১৯।
মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, পূর্ববিরোধের জের ধরে আসামিরা পরস্পর যোগসাজশে সুমনকে হত্যার উদ্দেশ্যে হামলা চালান। এছাড়া নিহতের দ্বিতীয় স্ত্রীকে কেন্দ্র করে মনা তালুকদারের সঙ্গে সুমনের বিরোধের বিষয়টিও এজাহারে উল্লেখ করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা বাকেরগঞ্জ থানার এসআই আসাদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮ ও বাকেরগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে শিয়ালঘুনি ১ নম্বর ওয়ার্ড এলাকা থেকে মামলার এজাহারনামীয় ২ নম্বর আসামি মো. সুমন শিকদারকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও জানান, গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
মোঃ রাশেদুল ইসলাম 



















