শহীদ শরিফ ওসমান বিন হাদির খুনিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে রাজধানীর শাহবাগে সর্বাত্মক অবরোধ শুরু করেছে ইনকিলাব মঞ্চ। আজ রোববার বেলা দুইটার পর থেকে শাহবাগ মোড় অবরোধ করে সংগঠনটির নেতা–কর্মীরা।
এর আগে গতকাল শনিবার রাতে দেশের সব বিভাগীয় শহরে সর্বাত্মক অবরোধের ডাক দেয় ইনকিলাব মঞ্চ।
আগেভাগেই জমায়েত, দুপুরে পুরো মোড় অবরোধ
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী অবরোধ শুরু হওয়ার কথা ছিল বেলা ২টা থেকে। তবে সকাল ১১টার মধ্যেই বিক্ষোভকারীরা শাহবাগ মোড়ে জড়ো হতে শুরু করেন। তাঁরা সড়কের পাশে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন।
বেলা দুইটার পর ইনকিলাব মঞ্চ শাহবাগ মোড় সম্পূর্ণভাবে বন্ধ করে দিলে শাহবাগ দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।
সরেজমিনে দেখা যায়, নেতা–কর্মীরা মোড়ের মাঝখানে বসে অবস্থান কর্মসূচি পালন করছেন। একপর্যায়ে তাঁরা স্লোগানে শাহবাগ প্রকম্পিত করে তোলেন।
উচ্চকণ্ঠে স্লোগান
এ সময় আন্দোলনকারীরা
‘নারায়ে তাকবির, আল্লাহু আকবর’,
‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’,
‘উই ওয়ান্ট জাস্টিস’,
‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’,
‘গোলামি না আজাদি, আজাদি আজাদি’,
‘যেই হাদি জনতার, সেই হাদি মরে না’,
‘হাদি না মোদি, হাদি হাদি’
—এমন নানা স্লোগান দেন।
টানা অবস্থান থেকে সর্বাত্মক অবরোধ
ওসমান হাদির খুনিদের গ্রেপ্তার ও বিচার দাবিতে গত শুক্রবার দুপুর থেকেই শাহবাগে টানা অবস্থান কর্মসূচি পালন করে আসছিল ইনকিলাব মঞ্চ। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও সংহতি জানান।
গতকাল শনিবার রাত ১১টার দিকে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের আন্দোলন দেশব্যাপী ছড়িয়ে দিতে বিভাগীয় শহরগুলোতে সর্বাত্মক অবরোধের ঘোষণা দেন। এরপর আন্দোলনকারীরা সাময়িকভাবে এলাকা ত্যাগ করেন।
সরকার ও পুলিশের আশ্বাস প্রত্যাখ্যান
সর্বাত্মক অবরোধ ঘোষণার আগে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী শাহবাগে উপস্থিত হন।
তাঁরা আন্দোলনরত জনতার উদ্দেশে হাদি হত্যাকাণ্ডের অগ্রগতি তুলে ধরে ৭ জানুয়ারির মধ্যে অভিযোগপত্র দেওয়ার প্রতিশ্রুতি দেন এবং দ্রুত বিচার সম্পন্ন করার আশ্বাস দেন। তবে ইনকিলাব মঞ্চ এসব প্রতিশ্রুতি প্রত্যাখ্যান করে নতুন কর্মসূচি ঘোষণা করে।
হত্যা মামলার অগ্রগতি
আজ ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার এস এন নজরুল ইসলাম জানান, শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তাঁর সহযোগী আলমগীর শেখ ভারতে পালিয়েছেন।
তাঁদের পালাতে সহযোগিতা করেছেন ভারতের দুই নাগরিক। মেঘালয় পুলিশ ওই দুই ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে। আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে মামলার অভিযোগপত্র দেওয়া হবে বলেও জানান তিনি।
ওসমান হাদির রাজনৈতিক ভূমিকা
গত বছরের আগস্টে ইনকিলাব মঞ্চ গঠন করে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে সরব হয়ে ওঠেন ওসমান হাদি। অল্প সময়েই তিনি সারা দেশে পরিচিত মুখ হয়ে ওঠেন।
আগামী জাতীয় নির্বাচনে ঢাকা-৮ আসনে প্রার্থী হওয়ার লক্ষ্যেও প্রচারণা চালাচ্ছিলেন তিনি।
গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোড এলাকায় তাঁকে লক্ষ্য করে গুলি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি মারা যান।
এদিকে, শহীদ হাদির হত্যার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ।
০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শহীদ শরিফ ওসমান হাদির খুনিদের গ্রেপ্তার ও বিচার দাবিতে শাহবাগ অবরুদ্ধ
-
ডেস্ক রিপোর্টঃ - Update Time : ০৪:২২:১৭ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
- ।
- ৭৭ Time View
Tag :
জনপ্রিয় খবর




















