চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত বরিশাল বিভাগজুড়ে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। এ সময়ে হামে আক্রান্ত হয়ে ৭ শিশুর মৃত্যু হয়েছে এবং ২০৬ শিশুর শরীরে এই অত্যন্ত সংক্রামক ভাইরাস শনাক্ত করা হয়েছে। বর্তমানে বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ৭৭ শিশু চিকিৎসাধীন রয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল জানিয়েছেন, আক্রান্ত ও মৃত্যুর অধিকাংশ ঘটনাই সম্প্রতি ঘটেছে, যা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, বরিশাল বিভাগের ভোলা জেলায় হামের টিকার সংকট রয়েছে। তবে বিভাগের অন্য পাঁচ জেলায় টিকার পর্যাপ্ত মজুদ রয়েছে বলে নিশ্চিত করা হয়েছে।
এদিকে বিভাগের প্রধান চিকিৎসাকেন্দ্র শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে গত তিন মাসে ১৩০ জন হাম আক্রান্ত শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে শুধু মার্চ মাসেই আক্রান্ত হয়েছে ৮৯ জন। সোমবার দুপুর পর্যন্ত হাসপাতালটিতে ৩৪ জন শিশু চিকিৎসাধীন ছিল।
গত শুক্রবার (২৭ মার্চ) বরিশালের বানারীপাড়া উপজেলার ওমর নামে এক শিশুর মৃত্যু হয়। এছাড়া সোমবার সকালে হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে, তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।
বরিশাল সদর উপজেলার কর্ণকাঠি এলাকার বাসিন্দা রহিমা তালুকদার জানান, তার ৯ মাস বয়সী কন্যাশিশুকে সাত দিন আগে হাসপাতালে ভর্তি করা হয়। প্রথমে জ্বর মনে হলেও পরে চিকিৎসকরা হাম শনাক্ত করেন। সংক্রমণ রোধে শিশুটিকে অন্য রোগীদের থেকে আলাদা রাখা হয়েছে। তিনি হাসপাতালের চিকিৎসাসেবায় সন্তোষ প্রকাশ করেন।
শেবাচিম হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. একেএম মশিউল মুনীর বলেন, সাধারণত ৯ মাস বয়সে শিশুদের হামের টিকা দেওয়া হয়। তবে বর্তমানে ৭ মাস বয়সী শিশুরাও আক্রান্ত হচ্ছে। হাসপাতালে টিকার পর্যাপ্ত সরবরাহ রয়েছে এবং বেড সংকটও অনেকটা নিরসন করা হয়েছে।
তিনি আরও জানান, চিকিৎসকরা সর্বোচ্চ সেবা দিয়ে রোগীদের সুস্থ করে তুলতে নিরলসভাবে কাজ করছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ, যা আক্রান্ত ব্যক্তির হাঁচি-কাশির মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। একই ঘরে অবস্থান করলেও সংক্রমণের ঝুঁকি থাকে। তিনি আতঙ্কিত না হয়ে সচেতনতা বাড়ানো এবং শিশুদের সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
মোঃ জুলহাস হোসেন এবং এইচ এম রুহুল আমিন 


















