বাকেরগঞ্জ উপজেলার ৬ নম্বর ফরিদপুর ইউনিয়নে ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে যুব সমাজকে মাদকমুক্ত রাখতে ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে যুব খেলোয়াড়দের মাঝে ফুটবল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই ২০২৬) ইউনিয়নের বেগম বাজারে আয়োজিত এ কর্মসূচিতে ফুটবল বিতরণ করেন ৬ নম্বর ফরিদপুর ইউনিয়নের সাবেক সিনিয়র সহ-সভাপতি জনাব আলহাজ্ব গোলাম মোস্তফা শিকদার।
এ সময় তিনি যুবসমাজের উদ্দেশ্যে বলেন, “মাদক ও সব ধরনের নেশা থেকে দূরে থাকো। লেখাপড়া ও খেলাধুলার মাধ্যমে নিজেকে গড়ে তোলো। সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই।”
তিনি আরও বলেন, তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের এগিয়ে আসা উচিত।
ফুটবল বিতরণ কর্মসূচিকে ঘিরে স্থানীয় যুব খেলোয়াড়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। উপস্থিত এলাকাবাসী এমন ইতিবাচক ও সমাজকল্যাণমূলক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
মোঃ রাহাত শিকদার 






















