জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত, মানবতাবাদ ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে বরিশালের বাকেরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’-এর উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টায় বাকেরগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে বাকেরগঞ্জ জেএসইউ মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা অডিটোরিয়ামের সামনে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলটন চন্দ্র পাল।
উদ্বোধন শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম, মানবতাবাদ, সাম্য, অসাম্প্রদায়িক চেতনা এবং শোষণ-বঞ্চনার বিরুদ্ধে তাঁর বলিষ্ঠ অবস্থানের বিভিন্ন দিক তুলে ধরেন। একই সঙ্গে বর্তমান প্রজন্মের কাছে নজরুলের দর্শন, সাহিত্য ও সৃষ্টিকর্ম পৌঁছে দিতে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাসির জোমাদ্দার, উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান মিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিন, উপজেলা বিএনপির সদস্য মিজানুর রহমান চুন্নু চেয়ারম্যানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতা, গান ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করা হয়।
দিনব্যাপী এ আয়োজনকে ঘিরে উপজেলা অডিটোরিয়াম ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। আয়োজকরা জানান, নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িকতার বার্তা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়াই ‘নজরুল বর্ষ’ উদযাপনের অন্যতম প্রধান লক্ষ্য।
মোঃ জহিরুল ইসলাম 



















